বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

সৌম্যকে দলে নেওয়ার কারণ জানালেন হাথুরুসিংহে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ৭:৫৭ am

২০১৪ সালে প্রতিভার ডালি সাজিয়ে বাংলাদেশ জাতীয় দলে এসেছিলেন সৌম্য সরকার। দেশের হয়ে বেশ কয়েক বছর দাপটের সাথেই প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। কিন্তু এরপরই যেন নিজেকে হারিয়ে ফেলেন এই ক্রিকেটার। দলের প্রয়োজনে সৌম্যকে বারবার সুযোগ দেওয়া হলেও নিজেকে প্রমাণ করতে পারছেন না তিনি। তার সমস্যা কোথায় বুঝতে পারছেন না বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।

বাংলাদেশের ক্রিকেটে কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রিয় শিষ্য সৌম্য সরকার। জাতীয় দলে সৌম্যর উত্থানটাও এই লঙ্কান কোচের হাত ধরে। এমনকি নিজের সবচেয়ে খারাপ সময়েও গুরু হাথুরুকে নিজের পাশে পেয়েছেন এই অলরাউন্ডার। তাই ঘরোয়া ক্রিকেটের সাদা বলের সংস্করণে তেমন কোনো পারফর্ম না করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজেও নতুন করে ডাক পেয়েছেন তিনি। অনেকের মতে, প্রধান কোচ হাথুরুসিংহের চাওয়াতে দলে তিনি।

কিউইদের বিপক্ষে হেরে যাওয়া প্রথম ওয়ানডের একাদশেও ছিলেন সৌম্য। কিন্তু ব্যাটে-বলে আবারও ব্যর্থ ছিলেন তিনি। ফিল্ডিংয়ে ক্যাচ মিস আর বল হাতে ৬ ওভারে ৬৩ রান দেওয়ার পর ব্যাট হাতে আউট হন শূন্য রানে। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। সেই ম্যাচেও ফিরেছিলেন শূন্য রানে। ওয়ানডেতে ব্যাট হাতে শেষ পাঁচ ইনিংসের তিনটিতেই রানের খাতা খুলতে পারেননি তিনি।

তবুও সৌম্যকে সুযোগ দেওয়া নিয়ে উঠছে প্রশ্ন। সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে তাই এই অলরাউন্ডারকে নিয়েই আলাপ হলো অনেকটা সময় ধরে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নেলসনে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে সৌম্য সরকারকে নিয়ে প্রশ্ন করা হয় টাইগারদের প্রধান এই কোচকে।

সৌম্যকে নিয়ে কথা বলেন লঙ্কান এই কোচ, ‘আমি শেষ ৫ ম্যাচে সৌম্যর খেলা দেখিনি, কী হয়েছে আসলে জানি না। শুধু শেষ ম্যাচটাই দেখেছি। আমি জানি না সৌম্যর সমস্যা কী। ও ঘরোয়াতে প্রচুর রান করছিল। আর আমাদের একজনকে দরকার ছিল যে বোলিং ব্যাটিং দুটোই করতে পারে, যেহেতু সাকিব নেই।’

হাথুরুসিংহে ঘরোয়া ক্রিকেটে যে রানের কথা বলেছেন, তা সাম্প্রতিক সময়ের নয়। ৫০ ওভারের ক্রিকেটের ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ আসরে ১১ ইনিংস খেলে তিনি ২৯৩ রান করেছিলেন মাত্র ২৬.৬৩ গড়ে। গোটা আসরে উইকেট ছিল চারটি। টি-টোয়েন্টিতে গত বিপিএলে ১২ ইনিংসে ফিফটির দেখা পেয়েছিলেন মোটে একবার, মোট ১৭৪ রান করেছিলেন স্রেফ ১৪.৫০ গড়ে। উইকেট ছিল মাত্র তিনটি।

বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, সাকিব আল হাসানের বদলে নেওয়া হয়েছে সৌম্যকে। তারকা অলরাউন্ডার সাকিবের ঘাটতি কিছুটা হলেও পূরণ করবেন সৌম্য, আশা ছিল দলের। কিন্তু প্রথম ওয়ানডেতে সবাইকে হতাশ করেন এই ক্রিকেটার।

হাথুরুসিংহেও বলেন একই কথা, ‘সাকিব ১৭ বছর ধরে খেলছে, আমরা সাকিবের মতো কাউকে খুঁজছি। এই জন্যই সৌম্যর একাদশে থাকা গুরুত্বপূর্ণ। সাকিব যা পারবে সৌম্য তা পারবে না, আমরা চাই ও ব্যাটিং বোলিংটা ঠিক ভাবে করুক। আমরা ওকে অলরাউন্ডার হিসেবে ভাবছি যে দলে অবদান রাখতে পারবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের স্কোয়াডে একজন লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়েছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে অলরাউন্ড পারফর্মও করেছেন তিনি। ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলার পর বল হাতেও নেন উইকেট। তবুও প্রথম ওয়ানডেতে দেখা যায়নি তাকে। তবে রিশাদকে নিয়ে আশাবাদী হাথুরুসিংহেও।

তার ভাষ্যে, ‘প্রথম ম্যাচেই আমরা রিশাদকে দলে চেয়েছিলাম। কিন্তু এখানে যেহেতু আমাদের ফলাফল ভালো না আর আমরা দেখছি শুরুতেই আমাদের উইকেট পড়ছে, তাই একাদশে অতিরিক্ত একজন ব্যাটসম্যানকে নিয়েছি। তবে ভবিষ্যতে রিশাদের মতো একজন লেগ স্পিনারকে অবশ্যই দলে চাই।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD