সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষে পুলিশ বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনার প্রেক্ষাপটে পুলিশ সদরদপ্তর থেকে এই কঠোর নির্দেশনা দেওয়া হলো। মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, জনগণের জীবন ও সম্পত্তির সুরক্ষা প্রদান আমাদের পবিত্র দায়িত্ব। কোনো অপরাধী বা দুষ্কৃতকারী ছাড় পাবে না। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
বিশেষ করে গত ১৫ বছরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে গড়ে ওঠা বিভিন্ন অপরাধ সিন্ডিকেট এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের কোনো দুষ্কৃতকারী যেন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তাকে হুমকিতে ফেলার যেকোনো ষড়যন্ত্র কঠোর হাতে দমনের ঘোষণা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের সাধারণ মানুষের মাঝে শান্তি বজায় রাখতে পুলিশি টহল ও চেকপোস্টের সংখ্যা আরও বাড়ানো হবে।
আরববাংলা টিভি