লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত রাতে এই নাশকতা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সহায়তায় আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমন হোসেন। তাঁর সঙ্গে থাকা আরও কয়েকজন দুর্বৃত্ত পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করেই গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার প্রধান ফটকে আগুন দেখতে পান আশপাশের লোকজন। এ সময় তাঁরা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং আশপাশে তল্লাশি চালান। পালানোর চেষ্টা করার সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমন হোসেনকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। পরে তাঁকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ইমনের কাছ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করে। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় লোকজনের সময়মতো হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে প্রতিষ্ঠানটি। তবে প্রধান ফটকের কিছু অংশ পুড়ে গেছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই নাশকতার সঙ্গে জড়িত বাকি অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরববাংলা টিভি