কয়েক দিনের টানা সহিংসতার পর গোপালগঞ্জে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। শুক্রবার রাত থেকে জেলায় নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আতঙ্ক এখনো কাটেনি। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য।
স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে নতুন করে ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল দিচ্ছে এবং সন্দেহভাজন গতিবিধির ওপর কঠোর নজরদারি বজায় রাখছে। এর আগে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর সৃষ্ট নানা রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এই জেলা। মূলত কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ এবং তাদের সহযোগীরা এই সহিংসতা চালিয়েছিল বলে গণমাধ্যমকে জানান স্থানীয় সচেতন নাগরিকরা।
এদিকে, জনজীবন স্বাভাবিক করার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির যৌথ টহল অব্যাহত রয়েছে। বাজারঘাট ও দোকানপাট খুলতে শুরু করেছে এবং সড়কে যান চলাচল সীমিত আকারে বৃদ্ধি পেয়েছে। তবে সাধারণ মানুষের মনে যে ভীতি তৈরি হয়েছিল, তা পুরোপুরি দূর করতে প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের আস্থাবর্ধনমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উল্লেখ্য, গোপালগঞ্জের এই সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চ মহ থেকেও নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন আশা প্রকাশ করেছে যে, খুব শীঘ্রই পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষ কোনো ধরনের শঙ্কা ছাড়াই তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
আরববাংলা টিভি