ময়মনসিংহ-১০ গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনি চক্র আবারও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি শুরু করেছে। এই অপশক্তি অতীতেও দেশের সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে এবং এখনও তারা দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার পাঁয়তারা চালাচ্ছে।
তিনি স্থানীয় গণমাধ্যমকে জানান, দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসরদের যেকোনো ধরনের নৈরাজ্য কঠোরভাবে প্রতিহত করা হবে। বর্তমান সরকারের সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সংসদ সদস্য আরও বলেন, জনগণের ভোটাধিকার হরণকারী এবং হত্যা-খুনের রাজনীতিতে বিশ্বাসী এই চক্রের রাজনৈতিক অপতৎপরতা দেশের মানুষ আর কখনোই সফল হতে দেবে না। এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
আরববাংলা টিভি