নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছাইরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে স্টেশনের ডাউন লাইনের ২১৫/৪ নম্বর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই বৃদ্ধা রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। ট্রেনটির গতি বেশি থাকায় তিনি সরে যাওয়ার সময়মতো সুযোগ পাননি এবং ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কতৃপক্ষ জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে জানিয়েছে, রেললাইন পারাপারের সময় সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক থাকতে হবে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে রেললাইনের আশপাশের লোকজনকে সতর্ক করার পাশাপাশি নিয়মিত মাইকিং করা হচ্ছে। ঘটনার পর নিহতের পরিবার ও এলাকার লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরববাংলা টিভি