বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয়ের তীব্র আর্থিক সংকট এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কঠোর নির্দেশনার কথা উল্লেখ করে ২৬৮ জন ডে-লেবার ও অস্থায়ী কর্মচারীকে ছাঁটাই করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। এই আকস্মিক সিদ্ধান্তে বিপাকে পড়েছেন চাকরি হারানো নিম্ন আয়ের কর্মীরা।

বুধবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এর আগে গত ১ নভেম্বর অনুষ্ঠিত এক বিশেষ সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা নিয়ে ক্যাম্পাসে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইবিতে বাজেট ঘাটতি এবং অতিরিক্ত জনবল নিয়োগের কারণে আর্থিক অস্বচ্ছলতা চলছিলো। ইউজিসির পক্ষ থেকেও বারবার অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন ও অস্থায়ী জনবল কমানোর তাগিদ দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় এই ২৬৮ জন কর্মচারীর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে চাকরিচ্যুত কর্মচারীরা দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তাদের পুনর্বাসনের জন্য বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও আল্টিমেটাম দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে এবং খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বরখাস্তের চিঠি দেওয়া হবে বলে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD