ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ করে হরমুজ প্রণালির নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা করা একটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক জলসীমার নিয়ম লঙ্ঘন করে ট্যাংকারটি চলাচল করছিল বলে প্রাথমিক তথ্যে উঠে এসেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, নৌবাহিনীর নজরদারি দল নিষিদ্ধ এলাকায় আগুনে জ্বলতে থাকা একটি তেলবাহী ট্যাংকার শনাক্ত করেছে। এই ঘটনার পর ওই অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো গণমাধ্যমকে জানান।
হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট। এর আগে বিগত দিনেও এই জলসীমায় বিভিন্ন ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজের চলাচল নিয়ে নানা ধরনের ভূ-রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তার শঙ্কা তৈরি হয়েছিল। সাম্প্রতিক এই দুর্ঘটনা কীভাবে ঘটল এবং এর পেছনে কোনো নাশকতা বা প্রযুক্তিগত ত্রুটি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ট্যাংকারটির পরিচয় এবং এর মালিকানা সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি।
আরববাংলা টিভি/ডেস্ক