পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, মাদকমুক্ত এবং অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যের অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষ থেকেই চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে ‘খেলাধুলা’ বিষয়ক একটি নতুন ও বাধ্যতামূলক বই যুক্ত করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সংশ্লিষ্ট সূত্রে এই গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে।
শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে, কেবল শ্রেণিকক্ষের চার দেওয়ালে আবদ্ধ পড়ালেখা দিয়ে একটি শিশুর পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব নয়। খেলাধুলা শিশুদের মধ্যে দলগত কাজ করার মানসিকতা, নেতৃত্ব দেওয়ার গুণাবলী এবং অদম্য উৎসাহ তৈরি করে। বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের পড়াশোনার অতিরিক্ত চাপ থেকে মুক্ত রাখতে এবং তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য খেলাধুলাকে পাঠ্যপুস্তকের মূল ধারায় নিয়ে আসার এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই পাঠ্যবোর্ডের মাধ্যমে শিক্ষার্থীরা খেলাধুলার প্রাথমিক নিয়মকানুন, শারীরিক ফিটনেস বজায় রাখার কৌশল এবং বিভিন্ন খেলার ইতিহাস সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারবে। এর ফলে শুধু মেধাভিত্তিক নয়, বরং একটি সুস্থ ও সবল জাতি গঠনে এই উদ্যোগ অত্যন্ত দূরদর্শী ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও এই সিদ্ধান্ত নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
আরববাংলা টিভি/ডেস্ক