বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সদরপুর যুবদল পদপ্রত্যাশী নান্নুকে নিয়ে বিতর্ক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ

ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদকে ঘিরে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। এ গুরুত্বপূর্ণ পদে পৌঁছাতে বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন, তবে তাদের মধ্যে জোরালো তৎপরতা চালাচ্ছেন আজিজুল ইসলাম নান্নু। স্থানীয় রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে, এই পদ বাগিয়ে নিতে তিনি নানামুখী কৌশল অবলম্বন করছেন।

জানা গেছে, এরই মধ্যে বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বহুগুণ বাড়িয়ে দিয়েছেন আজিজুল ইসলাম নান্নু। পদ ভাগিয়ে নিতে তিনি নানা মাধ্যমে লবিং চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তবে তার এই তৎপরতার পেছনে স্থানীয় সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালী মহলের সঙ্গে অতীতে সখ্যতার অভিযোগ তুলেছেন দলের একাংশ। অনেকেই বলছেন, অতীতে সুবিধাবাদী রাজনৈতিক চরিত্র বজায় রাখা ব্যক্তিরা পদ পেলে দল ক্ষতিগ্রস্ত হতে পারে।

ফরিদপুরের রাজনৈতিক প্রেক্ষাপটে যুবদলের মতো একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনের নেতৃত্ব কাদের হাতে যাবে, তা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। বিশেষ করে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের দোসরদের রাজনৈতিক অপতৎপরতা যখন এখনো পুরোপুরি নির্মূল হয়নি, তখন দলের ভেতরে স্বচ্ছ ও ত্যাগী নেতৃত্ব প্রতিষ্ঠা করার দাবি উঠেছে।

স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, অতীতে যারা ক্ষমতার অপব্যবহার করেছে কিংবা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, তাদের কোনোভাবেই গুরুত্বপূর্ণ পদ দেওয়া উচিত নয়। এদিকে অভিযুক্ত আজিজুল ইসলাম নান্নু তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তিনি দলের দুর্দিনের একজন সক্রিয় কর্মী এবং নিয়মতান্ত্রিক উপায়েই দলের সেবা করে যাচ্ছেন। বিষয়টি নিয়ে জেলা ও কেন্দ্রীয় যুবদলের নীতিনির্ধারকরাও সজাগ রয়েছে বলে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD