নেত্রকোনার মোহনগঞ্জে ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনের বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিলের কথা বলে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে এবং নানা ধরনের হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে গিয়ে ফায়ার এক্সটিংগুইশার পরিবর্তন বা রিফিল করার জন্য চাপ সৃষ্টি করেন ওই কর্মকর্তা। নির্ধারিত ফির চেয়ে কয়েকগুণ বেশি টাকা নেওয়া হচ্ছে এবং রশিদ প্রদানেও অনিয়ম করা হচ্ছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই অনিয়মের বিরুদ্ধে স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে ব্যবসায়ীরা বলেন, প্রশাসনকে বিষয়টি লিখিতভাবে জানানোর প্রস্তুতি চলছে। অন্যদিকে, অভিযুক্ত স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, নিয়ম মেনেই সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং একটি চক্র তার সুনাম ক্ষুণ্ণ করার জন্য অপপ্রচার চালাচ্ছ। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক