বিমান বা জাহাজে নয়, এবার বাইসাইকেলে চড়ে ৬টি দেশ পাড়ি দিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা হয়েছেন নরসিংদীর বেলাবো উপজেলার তরুণ সজীব তালুকদার ইফরাম (২৬)। তার এই দুঃসাহসিক ও মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ। ধর্মীয় অনুভূতি ও শারীরিক চ্যালেঞ্জের এক অপূর্ব সমন্বয়ে এই যাত্রা শুরু করেছেন তিনি, যা তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
রোববার দুপুর সাড়ে ১২টায় বেলাবো উপজেলা পরিষদ চত্বর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে তার এই পবিত্র ও দীর্ঘ যাত্রা শুরু করেন। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ তাকে বিদায় জানাতে সেখানে উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এই তরুণ জানান, সাইকেলে চড়ে বাংলাদেশ থেকে শুরু করে ভারত, পাকিস্তান, ইরান, ও সংযুক্ত আরব আমিরাত হয়ে সৌদি আরবে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তার। এই দীর্ঘ পথ পরিক্রমায় তাকে পাড়ি দিতে হবে প্রায় কয়েক হাজার কিলোমিটার পথ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল ভিন্ন কোনো উপায়ে আল্লাহর ঘরে পৌঁছানোর। দীর্ঘ প্রস্তুতি এবং শারীরিক ও মানসিক দৃঢ়তা নিয়ে তিনি অবশেষে এই কঠিন পথ বেছে নিয়েছেন। তার এই মহৎ যাত্রার সাফল্য কামনায় বিভিন্ন মসজিদ ও সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এই উদ্যোগ কেবল একটি ব্যক্তিগত যাত্রা নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরূণদের সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক