বরিশাল নগরীর একমাত্র নারী রিকশাচালক হেলেনা বেগমের রিকশায় চড়ে পুরো নগরী ঘুরে দেখেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা। সোমবার দুপুরে বরিশাল সদর উপজেলা পরিষদে একটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার পর তারা এই ব্যতিক্রমী উদ্যোগ নেন এবং হেলেনার রিকশায় চড়ে ঘুরে বেড়ান।
এই সময় দুই শীর্ষ নারী কর্মকর্তা হেলেনা বেগমের সংগ্রামী জীবনের নানা দিক শোনেন এবং তাকে সাধুবাদ জানান। পাশাপাশি, তার কর্মস্পৃহা দেখে মুগ্ধ হয়ে তাকে একটি নতুন রিকশা উপহার দেওয়ার আশ্বাস প্রদান করেন তারা। কর্মকর্তাদের এমন আন্তরিক আচরণে আবেগাপ্লুত হয়ে পড়েন হেলেনা বেগম।
সাংবাদিকদের সাথে আলাপকালে স্থানীয় প্রশাসন জানায়, নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। হেলেনা বেগমও তার প্রতিকূলতার দিনে এমন উচ্চপদস্থ কর্মকর্তাদের রিকশায় পেয়ে অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আরববাংলা টিভি/ডেস্ক