রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন

ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬ ৪:০৪ pm

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা রিপাবলিকান সিনেটর ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম সহযোগী গ্রাহামের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। রোববার (১২ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার ভোরে গ্রাহামের কার্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, তিনি আকস্মিকভাবে অসুস্থ হয়ে শনিবার সন্ধ্যায় মারা গেছেন। এ সময় প্রার্থনা ও পাশে থাকার জন্য তার পরিবার সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। পাশাপাশি এই কঠিন সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে।

গ্রাহাম ২০০২ সালে প্রথমবারের মতো মার্কিন সিনেটে নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০২০ সালে পুনরায় নির্বাচিত হন। এর আগে ১৯৯৪ সালে তিনি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে দক্ষিণ ক্যারোলাইনার তৃতীয় কংগ্রেসীয় জেলার প্রতিনিধিত্ব করেন।

তিনি সম্প্রতি সিনেট বাজেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি সিনেটের বরাদ্দ কমিটি, বিচার বিভাগীয় কমিটি এবং পরিবেশ ও গণপূর্ত কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মার্কিন এ সিনেটর ২০০৩ সালে ইরাকে আগ্রাসনের একজন বলিষ্ঠ সমর্থক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়ে আসছিলেন।

তার ওয়েবসাইটে বলা হয়েছে, গ্রাহাম সন্ত্রাসবিরোধী যুদ্ধে ধারাবাহিকভাবে এমন নীতির পক্ষে ছিলেন, যা যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষা করবে।

এ ছাড়া তিনি ইসরায়েলের একজন কট্টর সমর্থক ছিলেন এবং ইরানের বিরুদ্ধে ট্রাম্পের চলমান সামরিক অভিযানেরও জোরালো সমর্থন জানিয়েছিলেন।

রোববার সকালে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তার মৃত্যুতে শোক জানিয়েছে। মন্ত্রণালয় তাকে ইসরায়েলের সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়ানো একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেছে।

গ্রাহাম ২০১৬ সালে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে প্রাইমারি শুরু হওয়ার আগেই তিনি সরে দাঁড়ান। সে সময় তিনি ট্রাম্পের একজন স্পষ্টভাষী সমালোচক ছিলেন। পরে তিনি কংগ্রেসে ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্রে পরিণত হন।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD