শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

হাঁটুপানিতে নিউমার্কেট, মালামাল রক্ষার লড়াই

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬ ১:৫২ pm

টানা বর্ষণে রাজধানীর নিউমার্কেট তলিয়ে গেছে। মার্কেটের ভেতরে হাঁটুসমান পানি জমে থাকায় কোনো দোকান খোলা সম্ভব হয়নি। কেনাবেচা বন্ধ রেখে মালামাল রক্ষায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা।

রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

মার্কেট ঘুরে দেখা যায়, ভেতরের বিভিন্ন সড়ক ও করিডোরে হাঁটু পর্যন্ত পানি জমে আছে। বিশেষ করে ফুটপাতসংলগ্ন অস্থায়ী দোকানগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানে রাখা কাপড়, জুতা, আসবাবসহ বিভিন্ন পণ্য বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে।

অনেক ব্যবসায়ীকে দোকানের ভেতর থেকে মালামাল বের করে উঁচু স্থানে সরিয়ে নিতে দেখা গেছে। কেউ পানি থেকে পণ্য উদ্ধার করছিলেন, আবার কেউ ভেজা কাপড় ও অন্যান্য সামগ্রী রক্ষার চেষ্টায় ছিলেন। বিক্রির পরিবর্তে তাদের ব্যস্ত থাকতে হয়েছে ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টায়।

ব্যবসায়ীরা জানান, সকাল থেকেই পানি দ্রুত বাড়তে থাকায় দোকান খোলার সুযোগই পাননি তারা। অনেকের দোকানে পানি ঢুকে মূল্যবান পণ্য নষ্ট হয়েছে। জলাবদ্ধতার কারণে ক্রেতাদের উপস্থিতিও ছিল না।

নিউমার্কেটে হাঁটুপানি, মালামাল বাঁচাতে ব্যস্ত ব্যবসায়ীরাটানা বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর নিউমার্কেট/ছবি: জাগো নিউজ

ব্যবসায়ী মাহবুর রহমান বলেন, ‘দোকানের মধ্যে পানি উঠে গেছে। সকালে এসে ফ্লোরে রাখা জিনিসপত্র সরিয়েছি। রোদ উঠলে সেগুলো শুকাতে হবে। মার্কেটের ভেতরে হাঁটুপানি জমে আছে। টানা বৃষ্টি চলতে থাকলে আমাদের ব্যবসায় লস হয়ে যাবে।’

আরেক ব্যবসায়ী লিটন বলেন, ‘বৃষ্টিতে ভিজে দোকানের মালামাল সরিয়ে রাখছি। ভেতরে যে পরিমাণ পানি জমেছে, কবে সরবে জানি না। বৃষ্টি থামছে না। ভোগান্তিতে পড়েছি। বিপদের শেষ নেই।’

এদিকে নিউমার্কেট এলাকার আশপাশের সড়কে জলাবদ্ধতার কারণে যানবাহনের পরিমাণ কম দেখা গেছে। পথচারীদের হাঁটুপানি মাড়িয়ে চলাচল করতে দেখা গেছে।

টানা বর্ষণ অব্যাহত থাকলে জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তারা দ্রুত পানি নিষ্কাশনে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD