পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদ পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মঙ্গলবার পৃথক ফ্লাইটে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছান বলে দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজধানী তেহরান থেকে সরাসরি পাকিস্তানের ফেডারেল রাজধানীতে এসেছেন। অন্যদিকে, কূটনৈতিক কার্যক্রম শেষ করে ওমান থেকে পাকিস্তানে পৌঁছেছেন আরাঘচি।
রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে পৌঁছালে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে স্বাগত জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, উপ-প্রধানমন্ত্রী ইশহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি এবং ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমীরি মোগাদ্দাম।
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, নিজ দেশের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে পাকিস্তানের রাওয়ালপিন্ডির বিমানঘাঁটিতে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচিও উপস্থিত ছিলেন।
পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিপি বলেছে, নুর খান বিমানঘাঁটিতে পেজেশকিয়ানের সম্মানে ২১ বার তোপধ্বনি এবং যুদ্ধবিমানগুলো তার সম্মানে ফ্লাইপাস্ট প্রদর্শন করে। এ সময় স্বাগত জানানো শিশুদের স্লোগানের জবাবে প্রেসিডেন্ট হাত নেড়ে শুভেচ্ছা জানান।
• পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে আরাঘচির বৈঠক
বিজ্ঞাপন
সাপ্তাহিক ছুটির দিনে সুইজারল্যান্ডে মার্কিন-ইরান আলোচনায় অংশ নেওয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচিও পেজেশকিয়ানের প্রতিনিধিদলে রয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা বলেছে, পেজেশকিয়ান পাকিস্তানে নামার ঠিক ‘কয়েক ঘণ্টা আগে’ ইরানের শীর্ষ এই কূটনীতিক প্রেসিডেন্ট জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজের সঙ্গে বৈঠক করেছেন।
এর আগে রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে পৌঁছালে আরাঘচিকেও স্বাগত জানান ইশহাক দার, মহসিন নাকভি ও বিলাওয়াল ভুট্টো।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে, পাকিস্তানের নেতৃত্ব এবং জনগণ পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি ও ইরানি প্রতিনিধিদলকে ইসলামাবাদে আন্তরিক স্বাগত জানাচ্ছে।
• দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করবে উভয়পক্ষ
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের একাধিক সূত্র বলেছে, সফরকালে পেজেশকিয়ান প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী শেহবাজের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
এছাড়া সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি, স্পিকার আয়াজ সাদিক এবং উপ-প্রধানমন্ত্রী ইশহাক দার আমন্ত্রিত এই বিদেশি অতিথির সঙ্গে সাক্ষাৎ করবেন।
পাক পররাষ্ট্র দপ্তর বলেছে, ইরানের প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজেশকিয়ানের দ্বিতীয় পাকিস্তান সফর এটি। এই সফর দুই দেশের দ্বিপিক্ষিক সম্পর্কের পুরো চিত্র পর্যালোচনা করার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে বাণিজ্য, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা, জনগণের পারস্পরিক যোগাযোগ এবং আঞ্চলিক সংযোগের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পথ অন্বেষণ করবে।
সফরটিকে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরের পর চলমান কূটনৈতিক তৎপরতার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনার ‘‘গুরুত্বপূর্ণ সুযোগ’’ হিসেবেও অভিহিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।
‘‘আগামী দিনে এই সফর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও গভীর করার জন্য পাকিস্তান ও ইরানের যৌথ অঙ্গীকারের প্রতিফলন এবং অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও টেকসই অগ্রগতির জন্য সাধারণ আকাঙ্ক্ষাকে তুলে ধরবে।’’
সূত্র: ডন।