বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

পাঁচবারের এমপি ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬ ১২:৫৪ pm

ঢাকার পাঁচবারের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৩ জুন) ভোর ৩টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণার পর সকালে পরিবারের সদস্যরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যান।

রহমতুল্লাহর ভাগ্নে ফারুক হোসাইন গণমাধ্যমকে জানান, মৃত্যুর খবর পাওয়ার পর মরদেহ বাড্ডার বেরাইদে তার নিজ বাসভবনে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বুধবার বিকেল ৪টায় বাড্ডার বেরাইদ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বেরাইদ কবরস্থানে দাফন করা হবে।

এ কে এম রহমতুল্লাহ ঢাকার রাজনীতিতে এক পরিচিত নাম। তিনি দীর্ঘদিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তৃণমূল ও কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় থেকে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হন।

রাজনৈতিক জীবনে তিনি মোট পাঁচবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। প্রথমে ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের হয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৫ আসন থেকে প্রথমবার সংসদে যান। দ্বিতীয়বার ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন। তৃতীয়বার ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। চতুর্থ ও পঞ্চমবার ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলের দীর্ঘদিনের এই নেতার প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় সর্বস্তরের মানুষ।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD