খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) আকস্মিক পরিদর্শনে গিয়ে রোগীদের কাছ থেকে রেবিস ভ্যাকসিন পেতে হয়রানির অভিযোগ শুনেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। খাবার রান্নাঘর দেখে অসন্তোষ প্রকাশ করে তিনি কুমড়ার তরকারি ফেলে দেন।
বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের কথা শোনেন মন্ত্রী। বেশ কয়েকজন রোগী অভিযোগ করেন, রেবিস ভ্যাকসিন পেতে হয়রানি হতে হয়েছে। কেউ কেউ ২৫০ টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে বাধ্য হয়েছেন বলে মন্ত্রীকে জানান।
এতে ক্ষোভ প্রকাশ করে তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক গাজী রফিকুল ইসলামের কাছে কারণ জানতে চান। তত্ত্বাবধায়ক জানান, ভ্যাকসিনের সরবরাহ না থাকায় আগে সমস্যা ছিল। কিন্তু মন্ত্রী ঘটনাস্থল থেকেই ঢাকায় যোগাযোগ করে জানতে পারেন, সংশ্লিষ্ট দপ্তরে ভ্যাকসিন সরবরাহের জন্য কোনো চাহিদাপত্রই পাঠানো হয়নি। এ সময় তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরে হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য তৈরি খাবারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। কুমড়ার তরকারি মুখে দিয়ে তিনি তা ফেলে দেন। হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্দেশ করে তিনি প্রশ্ন তোলেন, এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন? এ সময় সুপারিনটেনডেন্টকে রোগীদের জন্য মানসম্মত খাবার সরবরাহের নির্দেশ দেন তিনি।
পরিদর্শনে হাসপাতালের বহির্বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা ও শৌচাগারও ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত, সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।