বুধবার, ২০ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬ ৩:৩৮ pm

বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না। তারা স্বাধীনতার বিরোধীতা করেছিল। আমরা কোনোমতেই তাদের ক্ষমতায় আনতে পারি না।

বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। এসময় পরিদর্শনে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম এমপি ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

জামায়াতের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, কিছু দল আর গোষ্ঠী আছে যারা অপপ্রচার করছে। আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন চাই না। বিএনপি সংস্কার করতে চায় না, এটা যারা বলেন তারা মিথ্যা কথা বলে। মিথ্যাচার করবেন না, জনগণকে ক্ষমা করবে না।

তিনি বলেন, একটা দল আছে যারা ধর্মের নামে রাজনীতি করে। বলেন তো দলটার নাম কি? খুব মিথ্যা কথা বলে। সত্য কথা বলে জনগণের রাজনীতি করতে হবে। নির্বাচনের আগে তারা বলছে, এসে গেছে, এসে গেছে; জামায়াত ক্ষমতায় এসে গেছে। এসেছে ক্ষমতায়? তারা ভবিষ্যতেও ক্ষমতায় আসতে পারবে না।

ঠাকুরগাঁও বিমানবন্দর চালু নিয়ে মন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দরটি চালু করা হবে। তারেক রহমান সাহেব নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন, এয়ারপোর্ট হবেই। বলার সাথে সাথে পুরো মাঠ উজ্জীবিত হয়ে উঠেছিল। আমরা সবাই যাতায়াত করতে পারব না। কিন্তু এটা আমাদের গর্ব। আমরা বলতে পারবো, আমাদের একটা বিমানবন্দর আছে। এটি মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সবুজ পাতায় ঠাকুরগাঁও বিমানবন্দর।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম বলেন, আপনাদের ধৈর্য্য ধরতে হবে। একটু সময় লাগবে। এমনভাবে করতে চাই না যে, দুদিন পর বন্ধ হয়ে যায়। আমরা স্থায়ী বন্দোবস্ত করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে যে ওয়াদা করে গেলাম সেটা যাতে রক্ষা করতে পারি। যত তাড়াতাড়ি সম্ভব বিমানবন্দর চালু করা হবে। এই বিশ্বাসটুকু রাখেন। যত কম সময়ের মধ্যে চালু করা দরকার সেটা আমরা রাতদিন পরিশ্রম করব।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে এসময় জেলা বিএনপির নেতা-কর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিল্পপতি ও ব্যবসায়ী ও সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD