ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সার্জারি অ্যান্ড হসপিটালের (নিনস) পরিচালক নিযুক্ত হয়েছেন অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান (খসরু)। শনিবার (১৬ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খানকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের ‘পরিচালক কাম অধ্যাপক’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অধ্যাপক নুরুজ্জামান খান চিকিৎসকদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান- বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের কোষাধ্যক্ষ, বাংলাদেশ সোসাইটি অফ নিউরো সার্জনসের সদস্যসচিব এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
নুরুজ্জামান খান কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি ও এইচএসসি পাশ করেন।
সমৃদ্ধ প্রবাস ও সামরিক জীবনের হাতছানি পাশ কাটিয়ে দেশ ও মানুষের সরাসরি সেবার ব্রত নিয়ে চিকিৎসক হওয়ার আকাঙ্ক্ষায় চিকিৎসা শাস্ত্রে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন এবং ১৯৯৭ সালে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর একই প্রতিষ্ঠান থেকে নিউরো সার্জারি বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি (মাস্টার্স ইন সার্জারি) অর্জন করেন। তিনি সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং ভারতের একাধিক হাসপাতালে ফেলোশিপ ট্রেনিং করেছেন।