সিংগাইর, (মানিকগঞ্জ): সিংগাইর থানার ৫০ বছরের ইতিহাসে এই প্রথমবার থানা মসজিদে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) গভীর রাতে মসজিদের দান বাক্স ও আলমারি ভেঙে প্রায় ৫০ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয়দের ধারণা, সাবল দিয়ে তালা ভেঙেই চোর মসজিদে প্রবেশ করে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়—মসজিদের দোকান ভাড়া বাবদ ৩০ হাজার টাকা, দান বাক্সে ১০ হাজার, এবং মোয়াজ্জিনের ব্যক্তিগত ১০ হাজার টাকা আলমারিতে রাখা ছিল। বুধবার ফজরের নামাজে মসজিদের মোয়াজ্জিন হাবিবুর রহমান হাবিব প্রথম আলমারির তালা ভাঙা দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি মসজিদ কমিটিকে জানান।
মসজিদের ক্যাশিয়ার ও বিএনপি নেতা আতাউর রহমান আতা বলেন,“দান বাক্সের টাকা আর দোকান ভাড়ার টাকা দিয়েই মসজিদ উন্নয়নে কাজ করা হয়, ইমাম সাহেবের সম্মানী ও মোয়াজ্জিনের বেতনও দেওয়া হয় এই অর্থ থেকে। চুরির ঘটনায় আমরা খুবই দুঃখ পেয়েছি।”
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “আমি আপনার কাছ থেকেই প্রথম বিষয়টি জানলাম। আমাকে কেউ এখনো আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। তবে সঙ্গে সঙ্গে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”