শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

৬ বলে ৬ ছক্কায় ইতিহাসের পাতায় নেপালি ক্রিকেটার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪ ১:২৯ pm

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৬ ছক্কার বিরল কীর্তি রয়েছে কেবল বিশ্বের দুজন ব্যাটারের। ভারতের যুবরাজ সিং ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এবার এক ওভারে ৬ বলে ৬ ছক্কা হাঁকালেন নেপালের দীপেন্দ্র সিং আইরে।

ওমানে চলমান এসিসি প্রিমিয়ার কাপে কাতারের বিপক্ষে ইনিংসের ২০ তম ওভারে ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে ইতিহাসের পাতায় ঢুকে গেলেন নেপালি এই ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৫ম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

গত সেপ্টেম্বরে এই দীপেন্দ্র সিং যুবরাজ সিংয়ের আরেকটি রেকর্ড ভেঙে দিয়েছিলেন। স্বীকৃত টি-টোয়েন্টির দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল যুবরাজ সিংয়ের দখলে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেছিলেন ভারতের তারকা এই ব্যাটার। ৯ বছর পর সেই রেকর্ড অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ছুঁয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটার ক্রিস গেইল। শেষমেশ যুবরাজের অনন্য সেই কীর্তি ভেঙে দেন নেপালের দীপেন্দ্র সিং আইরে।

২০২৩ এশিয়ান গেমসের ম্যাচে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন নেপালি এই ব্যাটার। এবার ছয় বলে ৬ ছক্কার বিরলতম রেকর্ডেও নাম লেখালেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD