বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

সাকিবের সিদ্ধান্তে বিসিবির স্বস্তি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৯:১৭ am

আঙুলের চোট সারতে সাকিব আল হাসান এখন আমেরিকায় অবস্থান করছেন। আর সেখানে গতকাল (সোমবার) একটি অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন টাইগার অধিনায়ক। ওই সময় তিনি জানিয়েছিলেন দেশের ক্রিকেটের প্রতি বেশি নজর দিতে বিদেশি ফ্যাঞ্চাইজিগুলোকে তিনি বিসর্জন দিবেন। সাকিবের এমন সিদ্ধান্তে স্বস্তির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ বিষয়ে আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। এ সময় তিনি বলেন, ‘মিডিয়াতে তার স্টেটমেন্টটা দেখেছি। অবশ্যই এটা আনন্দের ব্যাপার, এখন সে দেশের ক্রিকেটের ওপর বেশি ফোকাস করবে বাইরের ফ্যাঞ্চাইজি ক্রিকেট থেকে। তো এটা আমাদের জন্য বড় একটা স্বস্তিদায়ক খবর। আমরা চাই সাকিব আমাদের এখানে যতগুলো ফরম্যাট আছে, সে যাতে আমাদের দেশের জন্য খেলে এটাই আমাদের কামনা।’

সাকিবকেই লম্বা সময়ের জন্য নেতৃত্বে চাওয়ার কথা জানান বিসিবি কর্মকর্তা, ‘এখানে একচুয়ালি রিকনসিডারের পার্টটা আসে না। স্টিল সে আমাদের অধিনায়ক। এখন আমরা শান্তকেই দিয়েছি। শান্তকে আমরা বলেছি যে সামনে দুইটা সিরিজ আছে নিউজিল্যান্ডের সঙ্গে, যার জন্য তাকে আমরা অধিনায়কত্ব দিয়েছি। আপনারা জানেন সাকিবকে একটা লম্বা সময়ের জন্যই অধিনায়ক দেওয়া হয়েছে। সব ফরম্যাটেই সে আমাদের অধিনায়ক। সামনেও সে সব ফরম্যাটেই অধিনায়ক থাকবে কি না এরকম প্রশ্ন কিন্তু এখনও উঠেনি। আমরা চাই সেই অধিনায়ক থাকুক।’

জালাল আরও বলেন, ‘এমন একটা সময় আসবে যখন অবশ্যই সাকিব আর খেলা চালিয়ে যাবে না। হয়ত কোনো ফরম্যাটে খেলা কমিয়ে দিবে। আমরা যাদের সম্ভাব্য ক্যাপ্টেন বলি তাদের মধ্যে শান্ত-মিরাজ আছে। বোর্ডের কাছে মনে হয় তাদের দুজনেরই বাংলাদেশকে সামনে থেকে লিড করার মতো সক্ষমতা আছে।’

এর আগে বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়া এবং চোটের বিষয়ে সাকিব জানিয়েছিলেন, ‘আইপিএলে নামও দেইনি। পিএসএলে আমার ম্যানেজার যখন নাম দিয়েছিল, তখন আমি বলেছি নামটা সরিয়ে নিতে। পুরো সময়টাই যেন জাতীয় দলে দিতে পারি। আগে ফ্যাঞ্চাইজি যে টুর্নামেন্টগুলোতে খেলতাম হয়তো এগুলো আমি স্যাক্রিফাইস করব। আমার খুব আশা ছিল নিউজিল্যান্ডে এটলিস্ট ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে যাব। এখন টিম যাচ্ছে। আমার ধারণা ছিল ৪ সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাব। গত দু’দিন আগেও আমি এখানে ডাক্তার দেখিয়েছি, সে বলেছে আরও ২ সপ্তাহ অপেক্ষা করতে। তারপর ধীরে ধীরে রিহ্যাভ শুরু করতে।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD