বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শুভেন্দু-মমতাকে বাংলাদেশ সরকারের ‘আম উপহার’

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬ ৩:১৮ pm

দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নানা টানাপোড়েন থাকলেও বজায় রয়েছে সৌহার্দ্যের বার্তা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়—বাংলার একাধিক বিশিষ্ট ব্যক্তির জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী আম উপহার পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

বুধবার (১ জুলাই) কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে উপহারস্বরূপ সেই আম পৌঁছে দেওয়া হয় নির্ধারিত প্রাপকদের কাছে।

এর আগে মঙ্গলবার বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্ত কর্তাদের উপস্থিতিতে ৫০০ কেজি আম ভারতে পৌঁছায়। পরে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে তা গ্রহণ করা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এই উপহারের মধ্যে রয়েছে বিখ্যাত ক্ষীরসাপাত, ল্যাংড়া এবং হাড়িভাঙা আম।

উপহারের তালিকায় রয়েছেন- পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত, নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ, পর্যটনমন্ত্রী শংকর ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, বাণিজ্যমন্ত্রী তাপস রায়, তথ্য ও প্রযুক্তিমন্ত্রী কল্যাণ চক্রবর্তী এবং শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।

এছাড়াও তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস, বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ বিজেপির বিদেশ বিষয়ক ও প্রবাসী বন্ধু শাখার সদস্য শিশির বাজুরিয়াসহ রাজ্যের একাধিক মন্ত্রী, রাজনৈতিক নেতা ও বিশিষ্টজন।

বাংলাদেশ সরকারের এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল। কারণ, এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাংলাদেশের পক্ষ থেকে আম উপহার পাঠানোর নজির থাকলেও বিরোধী দলের শীর্ষ নেতাদের জন্য এমন উদ্যোগ খুব একটা দেখা যায়নি। এবার রাজ্যের বর্তমান সরকার এবং বিরোধী দলের শীর্ষ নেত্রী—দুই পক্ষের কাছেই বাংলাদেশের আম পৌঁছানোকে বিশেষ বার্তা হিসেবেই দেখছেন অনেকে।

সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে কিছুটা শীতলতার আবহ তৈরি হলেও, এই উপহার বিনিময় ভারত-বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। একদিকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে পৌঁছাচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী আম।

প্রসঙ্গত, কয়েক বছর ধরেই দুর্গাপূজার সময় পশ্চিমবঙ্গবাসীর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইলিশ উপহার পাঠানোর রীতি রয়েছে। বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সূত্রে জানা গেছে, এবারও সেই ঐতিহ্য বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD