এর আগে কখনোই টি-টোয়েন্টি ক্রিকেটে এত দ্রুত ছয় উইকেট হারায়নি বাংলাদেশ। ৩২ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ অপেক্ষায় ছিল বড় হারের জন্য। সেখান থেকেই যেন ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করলেন রিশাদ। প্রথমে শেখ মেহেদি হাসানকে নিয়ে শুরু করলেন টিকে থাকার লড়াই। এরপর তাসকিন আহমেদের সঙ্গে আরেকটা বড় জুটি।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নিয়েছেন এই লেগস্পিনার। তবে দলকে জেতানোর মত পর্যাপ্ত সময় হাতে ছিল না রিশাদের। বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন। তাতে নিশ্চিত হয়েছে বাংলাদেশের হারও। তাসকিন নিজেও চেষ্টা করেছেন। কিন্তু ব্যাটাররা যেদিন ব্যর্থ, সেদিন শেষের ঝড়টাও টাইগারদের দিতে পারেনি জয়ের সুবাস।
নুয়ান তুশারার হ্যাটট্রিক আর ৫ উইকেট শিকারের দিনে বাংলাদেশ আরও একবার স্বাদ পেল সিরিজ হারের। লঙ্কানদের বিপক্ষে আগে কখনোই সিরিজ জেতা হয়নি টাইগারদের। সিলেটে প্রথম ম্যাচে ৩ রানের হারের পর দ্বিতীয় ম্যাচে জয়। তৃতীয় ম্যাচে তাই প্রত্যাশার পারদ কিছুটা উঁচুতেই ছিল বাংলাদেশের জন্য। কিন্তু তুশারার কল্যাণেই জয় আসেনি বাংলাদেশের ভাগ্যে। ২৮ রানের জয় নিয়ে সিরিজ নিজেদের করল সফরকারী শ্রীলঙ্কা।