নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা এবং কার্যালয় তালাবদ্ধ রাখার অভিযোগে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জনসেবা নিশ্চিত করার লক্ষে এবং সরকারি দপ্তরে শৃঙ্খলা বজায় রাখতে মাঠপর্যায়ের অফিসগুলোতে নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি ওই ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন চালানো হয়। পরিদর্শনে দেখা যায়, নির্ধারিত সময় অতিবাহিত হলেও কর্মকর্তা মোর্ কামাল হোসেন খান অফিসে উপস্থিত হননি এবং কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এর ফলে দূরদূরান্ত থেকে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন এবং ক্ষোভ প্রকাশ করেন।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। দায়িত্বে অবহেলা এবং সরকারি নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে এ ধরনের কঠোর পদক্ষেপ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক