সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৪১ am

রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (১৫ ফেব্রুয়া‌রি) পবিত্র রমজান উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আমি দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানাই। রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সবার মধ্যে পারস্পরিক সহমর্মিতা এবং সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়।

তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতীর জীবনে অন্যায়, দুর্নীতি এবং অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। এই মাস ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি সবার দায়িত্ববোধ জাগ্রত করে।

রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ বিলাস, হিংসা বিদ্বেষ পরিহার করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা সবাই বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করি এবং রমজানের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ যেন আমাদের রোজা, নামাজ, দান-সদকা ও সব নেক আমল কবুল করেন।

তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ক্ষমা ও হেফাজত করুন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করুন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD