মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে চীনে প্রথম বিদেশি অফিস স্থাপন করছে বিডা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৩:০৪ pm

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রথম বিদেশি অফিস চীনে চালু করা হচ্ছে। আগামী তিন মাসের মধ্যেই অফিসটির কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

চীনের চায়না-সাউথ এশিয়া এক্সপোতে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে চীনা গণমাধ্যম সিজিটিএন।

আশিক চৌধুরী বলেন, দেশের বাইরে বিডার প্রথম অফিস হিসেবে চীনের এই কার্যালয় চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করবে। এর ফলে বিনিয়োগকারীরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, যোগাযোগ এবং বিনিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে অধিক সুবিধা পাবেন।

তিনি বলেন, গত পাঁচ বছরে চীন বাংলাদেশে অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী দেশে পরিণত হয়েছে। এ কারণে চীনা বিনিয়োগকারীদের জন্য বিডা বিশেষ সেবা কাঠামো গড়ে তুলেছে এবং পৃথকভাবে কাজ করছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, গত বছরের শেষ দিকে সংস্থাটির অধীনে একটি বিশেষ ‘চায়না ডেস্ক’ চালু করা হয়েছে। এই ডেস্কে নিয়োজিত কর্মকর্তারা শুধু চীনা বিনিয়োগকারীদের সেবা ও সহায়তা প্রদানের দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১৮০ দিনের সংস্কার কর্মসূচির অংশ হিসেবে বিদেশে বিডার অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত মার্চে আশিক চৌধুরী বলেছিলেন, চীনে বিডার কার্যালয় চালু হলে দেশটিতে বাংলাদেশের উপস্থিতি আরও দৃশ্যমান হবে এবং বিনিয়োগকারীদের বিভিন্ন উদ্বেগ ও জটিলতা দ্রুত সমাধান করা সম্ভব হবে। সে সময় তিনি ছয় মাসের মধ্যে কার্যালয়টির কার্যক্রম শুরু হওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন।

সংশ্লিষ্টরা বলছেন, চীনা বিনিয়োগের বড় একটি অংশ বাংলাদেশে আকৃষ্ট করা এবং বিনিয়োগকারীদের দীর্ঘদিনের নানা সমস্যার সমাধান করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এদিকে বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বিডা অবকাঠামো খাতে ১৩টি অগ্রাধিকারপ্রাপ্ত মেগা প্রকল্প চিহ্নিত করেছে। এর মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় প্রস্তাবিত চীনা অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিডার বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশে বেসরকারি খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) উৎস হিসেবে সৌদি আরবের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। এ সময়ে মূল ভূখণ্ড চীন থেকে ৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলার এবং হংকং থেকে ১৭৩ মিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD