সাদা বলের ক্রিকেটে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। কিউই সফরে আর মাত্র কয়েক ঘণ্টা পরেই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে টাইগাররা।
শনিবার (১৬ ডিসেম্বর) ডুনেডিনে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে গড়াবে খেলাটি। তবে ম্যাচ শুরুর আগেই দুঃসংবাদ দিয়েছে সেখানকার আবহাওয়া।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, নিউজিল্যান্ড-বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে নিউজিল্যান্ডের স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯০ শতাংশ।
এছাড়া প্রায় পুরোটা সময়ই আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। বাতাসের আদ্রতা থাকার সম্ভাবনা রয়েছে ৭৬ শতাংশ। স্থানীয় সময় সকাল ১১টায় মাঠে নামবে লিটন-শান্তরা। ফলে আবহাওয়া অনুযায়ী খেলার মাঝেই হানা দিতে পারে বৃষ্টি।
এদিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেটি নিয়ে ভাবতে চান না টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, বৃষ্টিটা আসলে নিয়ন্ত্রণে নেই। কন্ডিশনও আসলে নিয়ন্ত্রণে নেই। তো এটা নিয়ে ভাবার আসলে সুযোগ নেই।
এদিকে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। ব্যাট হাতে তানজিদ হাসান তামিম, লিটন দাস, সৌম্য সরকার, রিশাদ হোসেনরা পেয়েছেন রানের দেখা। প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশে ছিল না কোনো বড় নাম।
তবে মূল ম্যাচ মাঠে গড়ালে বাংলাদেশকে যে কিউইদের কন্ডিশনে কঠিন পরীক্ষাই দিতে হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। খেলা শেষ পর্যন্ত মাঠে গড়ায় কিনা, সেটাই এখন দেখার বিষয়।