শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

পল্টনে ১৭ তলার ছাদ থেকে পড়ে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ ৭:৪৬ am

রাজধানীর পল্টনে ১৭ তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে লিমা (১৬) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৃহকর্মী লিমাকে হাসপাতালে নিয়ে আসা ফ্লাট মালিক খাইরুল কবির খান প্রাথমিকভাবে কোনো তথ্য দিতে রাজি হননি। পরে তিনি বলেন, আমি বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ অনেক লোকজন দেখতে পাই। গিয়ে দেখি একটি মেয়ে রাস্তায় পড়ে আছে। তাকে আমি চিনি না।

এক পর্যায় তিনি গৃহকর্মীর পরিচয় দিয়ে বলেন, আমার বাসা ১৪ তলায়। লিমা ওই ভবনের ১৭তলা থেকে লাফিয়ে পড়ে মারা গেছে। দেড় বছর আগে সে আমার বাসায় কাজে আসে।

এদিকে ঢামেকের জরুরি বিভাগের এক চিকিৎসক বলেন, প্রথমে খাইরুল কবির আমাদের জানান- মেয়েটি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। পরে কথাবার্তা অসংলগ্ন মনে হলে আরও জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান- সে ১৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে গেছে।

পল্টন থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন শেখ বলেন, আমি অন্য একটি কাজে ঢাকা মেডিকেলে এসেছিলাম। পরে আমরা বিষয়টি জানতে পারি। এ ঘটনায় ফ্ল্যাট মালিক খায়রুল কবির খান ও তার ছেলে মার্জিম কবির খান রাফিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে ওই গৃহকর্মীর নাম ছাড়া এখন পর্যন্ত তার সঠিক ঠিকানা পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসিরুল আমিন বলেন, আমরা বিষয়টি জানতে পেরে ওই ভবনে গিয়েছি। সিসি টিভি ফুটেজগুলো চেক করছি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD