মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

টানা বৃষ্টিতে বাড়ল সবজি-মুরগির দাম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ৩:২৬ pm

​রাজধানীতে টানা দুদিনের অবিরাম বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আর এই বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে বাজারেও। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খাদ্যপণ্যের বাজারে।

দুদিনের ব্যবধানে কাঁচাবাজারে সবজির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। সেই সঙ্গে কাঁচামরিচের দাম বেড়েছে কেজি প্রতি ৪০ থেকে ৬০ টাকা। এছাড়া চড়া দামে বিক্রি হচ্ছে ব্রয়লারও।

এতে বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ এবং শ্রমজীবীরা, যাদের কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আয় কমেছে।

মধ্যবাড্ডা বাজারে মামুন মিয়া নামের এক দিনমজুর বলেন, বৃষ্টিতে দুইদিন কাজে যেতে পারিনি। পকেট ফাঁকা। এর মধ্যে বাজারে এসে দেখি কাঁচা মরিচের দাম বেড়েছে।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর আরও কয়েকটি কাঁচাবাজার ঘুরে নিত্যপণ্যের দামের এই ঊর্ধ্বমুখী চিত্র দেখা গেছে। যদিও বৃষ্টির কারণে বাজারে ক্রেতার সংখ্যা ছিল কম, আবার অনেক দোকান বন্ধও রয়েছে। কিছু দোকানের মধ্যে পানি উঠতে দেখা গেছে।

​সবজির বাজারে ঊর্ধ্বগতি
টানা বৃষ্টির এ প্রভাব সবচেয়ে বেশি সবজির বাজারে। ​ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে ঢাকার বাইরে থেকে সবজিবাহী ট্রাক আসতে দেরি হচ্ছে। অনেক আড়তে পণ্য কম আসায় পাইকারি বাজারেই দাম বেড়ে গেছে।

​কয়েক দিন আগেও যে সবজিগুলো ক্রেতারা ৪০ থেকে ৬০ টাকার মধ্যে কিনতে পারতেন, আজ তা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে।

বাজারে পটল, ঢ্যাঁড়স ও পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে। এই তিন সবজি ছাড়া ​বেগুন ও করলা মানভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি, যা দুদিন আগেও ৫০-৬০ টাকা ছিল।

ঝিঙা, চিচিঙা কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। আর বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। বাজারভেদে তা ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। যা আগে ৪০ থেকে ৬০ টাকা কম ছিল।

মালিবাগ বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আনিসুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকায় একটু বৃষ্টি হলেই বিক্রেতারা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়। দুদিন আগে যে পেঁপে ৪০ টাকায় কিনেছি, আজ চাচ্ছে ৬০ টাকা। আমাদের মতো সীমিত আয়ের মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

​মুরগির দামেও অস্বস্তি
​সবজির পাশাপাশি মাংসের বাজারেও স্বস্তি নেই। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের প্রোটিনের প্রধান উৎস ব্রয়লার মুরগির দাম কেজিতে আরও ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। অন্যদিকে, সোনালি মুরগি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকা কেজি।

​বিক্রেতাদের দাবি, বৃষ্টির কারণে খামারিরা মুরগি ঠিকমতো সরবরাহ করতে পারছেন না, আর পথিমধ্যে পরিবহনে বাড়তি সময় লাগায় খরচও বেড়ে গেছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD