চট্টগ্রামের পটিয়ায় শিক্ষাগত সনদ জালিয়াতির ঘটনায় ব্যাংকের চাকরি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পদ হারানো মো. জাহাঙ্গীর আলমকে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সুশীল সমাজে ও সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কীভাবে একজন প্রমাণিত সনদ জালিয়াতি মামলার অভিযুক্ত ব্যক্তি মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বা বিশেষ অতিথি হন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা।
সাংবাদিকদের জানিয়েছেন স্থানীয়রা, শিক্ষা ক্ষেত্রে যখন নৈতিকতার প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে, ঠিক তখনই এমন একজন বিতর্কিত ব্যক্তিকে অতিথি করায় তরুণ প্রজন্মের মাঝে ভুল বার্তা যেতে পারে। এর আগে তার বিরুদ্ধে জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি ব্যাংকের চাকরি থেকে বরখাস্ত হন এবং বিদ্যালয়ের সভাপতির পদটিও হারাতে বাধ্য হন। তা সত্ত্বেও সম্প্রতি তাকে এমন একটি আয়োজনে অতিথি করায় পটিয়া জুড়ে নানা আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
আরববাংলা টিভি/ডেস্ক