মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের ক্ষত ওয়ানডেতে এসে ঘুচিয়েছে বাংলাদেশ। আজ (সোমবার) সিরিজ নির্ধারণী ম্যাচে সফরকারীদের বিপক্ষে ৫৮ বল বাকি থাকতেই ৪ উইকেটের বড় জয় পেয়েছে টিম টাইগার্স।

ওয়ানডে শেষে এবার মাঠে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর এই সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন নাহিদ রানা।

২০২১ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ১৫ ম্যাচে ৬৩ উইকেট পেয়েছেন তিনি। গতিময় পেসার হিসেবে আলাদা খ্যাতি আছে এই ফাস্ট বোলারের। সর্বশেষ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন রানা। বোলিংয়ে পরিসংখ্যানটা খুব আহামরি না হলেও নজর কেড়েছিলেন গতি দিয়ে। এ ছাড়া টেস্ট স্কোয়াডে ফিরেছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস ও তরুণ পেসার মুশফিক হাসান।

প্রথম টেস্টের স্কোয়াড নিয়ে বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক বলেন, ‘প্রথম টেস্টের দলটা ভারসাম্যপূর্ণ হয়েছে বলে আমরা মনে করি। টেস্ট দল মোটামুটি ঠিক করাই ছিল, নতুন মুখ শুধু নাহিদ রানা। ছুটিতে থাকায় সর্বশেষ টেস্ট সিরিজে না খেলা লিটন দাস দলে ফিরেছে। সব বিভাগেই বিকল্প আছে। আমার মনে হয় কন্ডিশনের দাবি মেটাতে পারে, এমন দল আমরা করতে পেরেছি।’

নাহিদ রানাকে নিয়ে বিসিবির এই নির্বাচক প্যানেলের এই সদস্য বলেন, ‘রানা সম্ভাবনাময়। সে এই মুহূর্তে বাংলাদেশে সম্ভবত সবচেয়ে দ্রুতগতির বোলার এবং উইকেট থেকে তীক্ষ্ণ বাউন্সও আদায় করতে পারে। যদিও কেবল শুরু করল সে, তবে তার প্রথম শ্রেণির রেকর্ড খুব ভালো। স্কোয়াডে মুশফিক হাসান নামে আরেকজন তরুণ পেসার আছে। এসব তরুণ পেসারদের জন্য অভিজ্ঞ হয়ে ওঠার এটাই সবচেয়ে ভালো সময়। কারণ চোটের কারণে ইবাদত বাইরে এবং তাসকিনও এ মুহূর্তে টেস্ট খেলছে না।

প্রথম টেস্ট আগামী ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে। এরপর ৩০ মার্চ থেকে দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে।

১ম টেস্টে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মুশফিক হাসান ও নাহিদ রানা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD