বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

গ্যাসের অভাবে উৎপাদন কমেছে: জামায়াত নেতা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ

তীব্র গ্যাস সংকটের কারণে দেশের আবাসিক ও শিল্প খাতের উৎপাদন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার কথা জাতীয় সংসদে তুলে ধরেছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন। তিনি বলেছেন, গ্যাস সরবরাহ করতে না পারলে গ্রাহকদের কাছ থেকে যেন কোনো বিল নেওয়া না হয়। একই সঙ্গে শিল্পাঞ্চলের গ্যাস প্রবাহ স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তিনি।

বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে গ্যাসের এই সংকট শিল্প খাতের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পর্যাপ্ত গ্যাসের অভাবে উৎপাদন প্রায় ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে বলে ব্যবসায়ীরা গণমাধ্যমকে জানান। এর ফলে সময়মতো পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে এবং রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে পোশাক শিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

সংসদ সদস্য জয়নুল আবেদীন আরও উল্লেখ করেন যে, একদিকে কারখানায় উৎপাদন অর্ধেকের নিচে নেমে গেছে, অন্যদিকে গ্যাস না পেয়েও উদ্যোক্তাদের নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, তবে দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি সতর্ক করেন। সাধারণ মানুষের জীবনযাত্রাও এই গ্যাস সংকটে দুর্বিষহ হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD