আওয়ামী লীগের দুই দপ্তরের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেছেন দলটি কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট তারানা হালিম। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) মাঠে ম্যাচের উদ্বোধন শেষে ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে তারানা হালিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকমুক্ত দেশ গড়ার যে ঘোষণা দিয়েছেন, খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রম এই ঘোষণা বাস্তবায়নে বড় ভূমিকা পালন করবে।’
খেলাধুলায় নিজে পিছিয়ে ছিলেন তবে আগ্রহের কমতি নেই জানিয়ে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘ঘরে বসে না থেকে খেলাধুলার মাধ্যমে শরীরচর্চার বিষয়টি বরাবরই আমরা গুরুত্ব দিয়ে আসছি।’
নিজ দলের মধ্যে এই প্রীতি ক্রিকেট ম্যাচ দুই দপ্তরের নেতা কর্মীদের মধ্যে আরও সুন্দর সম্পর্ক গড়ে দেবে এমন আশা প্রকাশ করে তারানা হালিম বলেন, ‘আজকের এই ক্রিকেট খেলায় এসে বেশ ভালো লাগছে। নিজেদের মধ্যেই দুটো দল খেলছে। তাই আমরা দুটো দলকেই সমর্থন করছি। তবে আমার পরাজিত দলের প্রতিই সমর্থন বা সহানুভূতি বেশি থাকে। কেউ তো আসলে হারার জন্য খেলে না।’
তরুণ প্রজন্মের ডিজিটাল ডিভাইস আসক্তি নিয়ে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম হয়েছিল একে অপরের সঙ্গে যোগাযোগ করতে কিংবা জনমত তৈরির জন্য। কিন্তু বর্তমানে এর অপব্যবহার বেশি হচ্ছে। যার প্রভাব তরুণ প্রজন্মের ওপর পড়ছে। এ থেকে পরিত্রাণে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
নিজের পছন্দের খেলা কি জানতে চাইলে তিনি বলেন, ‘আগে অলিম্পিকে তীর ধনুক, ম্যারাথন খেলাগুলো বেশি ভালো লাগতো।’
‘সুস্থ দেহ প্রশান্ত মন, খেলায় করবো দেশ গঠন’ এই স্লোগানে প্রীতি ক্রিকেট ম্যাচে মাঠে নামে
আওয়ামী লীগের দপ্তর (ধানমন্ডি ৩/এ একাদশ) ও ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর টিম। প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধনে তারানা হালিমের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা মীর সাব্বির।