হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরবর্তীতে আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানায়, শত্রুদের অবিস্ফোরিত গোলাবারুদ ধ্বংসের কারণে এ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সবার আগে বিস্ফোরণের তথ্য জানায় বার্তাসংস্থা মেহের নিউজ। তারা উল্লেখ করে, কি কারণে বিস্ফোরণ হয়েছে সেটি জানা যায়নি।
এরআগে গতকাল দ্বীপটিতে ছোট ছোট ড্রোন উড়ে আসে। সেগুলো প্রতিহত করতে তখন নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে তেহরান।
কেশম দ্বীপ ইরানের বন্দর নগরী বন্দর আব্বাস থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।
হরমুজ প্রণালির প্রবেশদ্বারে অবস্থিত হওয়ায় কেশম দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ইরানের সশস্ত্র বাহিনীর ঘাঁটি রয়েছে।
গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা শুরু করলে দেশটির গুরত্বপূর্ণ দ্বীপ দখল করার চেষ্টা করবে। যারমধ্যে থাকবে খার্গ দ্বীপ। যেখান থেকে ইরান তাদের তেল বহির্বিশ্বে রপ্তানি করে থাকে।
সূত্র: তাসনিম নিউজ, মেহের নিউজ