কুড়িগ্রামে যেন সার সংকট কাটছেই না। একের পর এক ঘটনা ঘটে চলছে জেলাটিতে। কৃষি কর্মকর্তাকে ধাওয়া, সড়ক অবরোধ ও সার লুটের পর এবার সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন কয়েকশ কৃষক। অভিযোগ উঠেছে, উলিপুরে সার ডিলারদের অনিয়ম ও দুর্নীতির কারণে কৃষকদের দীর্ঘ লাইন দেখে ডিলাররা সটকে পড়েন। এতে ক্ষুব্ধ হয়ে শত শত কৃষক সড়কে নেমে আসেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় সারের তীব্র কৃত্রিম সংকট তৈরি করে আসছে একটি অসাধু সিন্ডিকেট। সরকারের নির্ধারিত মূল্যে সার না পাওয়া এবং ডিলারদের স্বেচ্ছাচারিতায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ কৃষকরা। এর আগে সার না পেয়ে কৃষকরা সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাকে ধাওয়া করেছিলেন এবং কোথাও কোথাও সার লুটের ঘটনাও ঘটেছিল। বর্তমান পরিস্থিতিতে কৃষকদের এই ক্ষোভ ক্রমেই তীব্র আকার ধারণ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। কৃষকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে পর্যাপ্ত সারের সরবরাহ নিশ্চিত করতে হবে এবং ডিলারদের সিন্ডিকেট ভেঙে দিয়ে নিয়মিত মনিটরিং বাড়াতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছে, ডিলারদের অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সার বিতরণের ব্যবস্থা করা হবে।
আরববাংলা টিভি/ডেস্ক