বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

এমন কিছু সিদ্ধান্ত নেব, যেটা মানুষ পছন্দ করবে না: নাজমুল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ৯:৪১ am

তামিম ইকবালের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির বৈঠক হওয়ার কথা ছিল গতকাল রোববার (২৬ নভেম্বর)। কিন্তু জাতীয় নির্বাচনের মনোনয়ন নিয়ে ব্যস্ত থাকায় নাজমুল হাসান সাবেক অধিনায়ককে সময় দিতে পারেননি।

আজ সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় নাজমুল হাসানের বাসায় অনুষ্ঠিত হয় দুজনের বৈঠক। যেখানে উপস্থিত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। মূলত এই বৈঠকে বসার পেছনের কারণ, তামিমের ভবিষ্যৎ নির্ধারণ। আন্তর্জাাতিক ক্রিকেটের বাইরে থাকা তামিম জাতীয় দলে খেলা নিয়ে কি ভাবছেন, তার পরিকল্পনা জানতে এবং বিসিবির পরিকল্পনা জানাতে আলোচনায় বসা। সঙ্গে দলের সামগ্রিক চিত্র সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়া। লম্বা আলোচনা শেষে বেরিয়ে নাজমুল হাসান গণমাধ্যমে জানিয়েছেন, সময় স্বল্পতার কারণে সব কথা হয়নি তাদের। সামনে আবার তারা বসবেন। তবে যতটুকু আলোচনা শুনেছেন তার গভীরে ঢুকতে চান তিনি।

এজন্য বিপিএলের পর তামিমের সঙ্গে আবার বসবেন। শুধু তামিম নয়, জাতীয় দল সংশ্লিষ্ট কয়েকজনকে নিয়ে বসবেন নাজমুল হাসান। এরপর এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা পছন্দ হবে না সাধারণের, সেই ধারণা দিয়ে রাখলেন। নাজমুল হাসান বলেছেন, ‘তামিম দুই তিন আগে থেকেই বলছিল যে ও আসবে। এর আগে শেষ ওর সঙ্গে যখন কথা হয়েছিল, ও বলেছিল আপনি নাকি কিছু জানেন না তাই আপনাকে আমি অনেক কিছু বলতে চাই। আমি বললাম ঠিক আছে। আজকে যে ও সব বলে গেছে তা না। কারণ সময় খুব অল্প।’

‘আমি ওকে ওই কথাই বলেছি যেটা আমি আপনাদেরকে অনেক আগে বলেছি। এবার আমি বোর্ডে আসতে চাইনি, অনেকেই বলে কোনো চাপ আছে কিনা। আমি বলেছি যে চাপের কারণে নয়। দুটো কারণ-একটা হচ্ছে আমার সময় নেই, দ্বিতীয়টা হচ্ছে যে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটা মানুষ পছন্দ করবে না। ওখানেই কিন্তু ইঙ্গিতটা ছিল। এখনও তামিমকে আমি সেটাই বলেছি। প্রথম দুই টার্ম দলের সঙ্গে যুক্ত ছিলাম। এখন আমি ছেড়ে দিয়েছি। যাদের দায়িত্ব দিয়েছি তারা করবে। তাদের সমস্যা থাকলে আমি সব সময় সাহায্য করবো।’-যোগ করেন বোর্ড সভাপতি।

জাতীয় নির্বাচনের কারণে নাজমুল হাসানের প্রচুর ব্যস্ততা। তাই ক্রিকেটে মনোযোগ দিতে পারছেন না। নির্বাচনের পর বিপিএল চলার সময় ক্রিকেটে পুরোপুরি মনোযোগ দেওয়ার কথা বললেন তিনি, ‘তারপরও তামিম কিছু কথা বললো। এমন একটা সময় বলেছে যখন আমার হাতে একদম সময় নেই। এক মাস পর নির্বাচন। নির্বাচন থেকে এলেই যে সব সমস্যা জানবো ,তা তো না। আমি কারো কথায় কিছু করবো না। আগে আমার নিজের জানতে হবে সমস্যাটা কোথায়। আমি ডিপে ঢুকতে চাই। সবার সঙ্গে কথা বলবো, নিজের সিদ্ধান্তটা নেব। ওর সঙ্গে কথা হয়েছে, যাই সিদ্ধান্ত নেই বিপিএলের পর হবে। বিপিএলটা শুরু হলে সব প্লেয়ার, কোচিং স্টাফদের পাবো। সবার সঙ্গে একসঙ্গে যেটা ক্রিকেটের জন্য ভালো হয় সেই সিদ্ধান্ত নেব।’

টানা তৃতীয় মেয়াদে বিসিবির প্রধানের দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান। পারফরম্যান্সের বিচারে এবারের মেয়াদে ভালো করছে বাংলাদেশ। কোথায় সমস্যা হচ্ছে তা জানতে গভীরে যেমন ঢুকতে চান ঠিক সেভাবেই নিতে চান সিদ্ধান্ত। তাতে ক্রিকেটের উন্নতি হবে বলেই বিশ্বাস তার, ‘আমি বেশিদিন নাই। এ্ই টার্মটাও আর বেশিদিন নাই। এরপর আর এক বছর আছে। যাওয়ার আগে অবশ্যই আমি টিমটা ঠিক করে যাবো। যা যা করা দরকার এটা আমি করে যাবো। যা যা সিদ্ধান্ত নিতে হয় নেব। কে পছন্দ করলো না করলো, তাতে কিছু যায় আসে না। ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নিতে হয়, আমি নেব।’

বিসিবি প্রধানের সঙ্গে সাক্ষাৎ শেষে তামিম বেরিয়ে যান। বিকেল পাঁচটায় নিজের বাসায় গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তার।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD