মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

আরেকটি ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪ ৪:৫০ পূর্বাহ্ণ

গত মাসেই ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ ও ভারত। টাইব্রেকারের পর টস কাণ্ডে সেই টুর্নামেন্টে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল দুই দল। এক মাস পর সাফের আরেকটি নারী টুর্নামেন্টে এককভাবে শিরোপা চায় দুই দলই। সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ (রোববার) মুখোমুখি হবে বাংলাদেশ–ভারত। কাঠমান্ডুতে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টায় ম্যাচটি শুরু হবে।

গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে ভারতকে হারিয়েছিল। ফলে ফাইনালে মানসিকভাবে খানিকটা এগিয়ে থাকলেও বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটু বিষয়টি নিয়ে সেভাবে ভাবছেন না, ‘ফাইনাল সবসময় ফাইনালের মতোই। যেকোনো কিছু হতে পারে। তবে আমরা আশা করছি ফাইনালে ভালো কিছু দেখাতে পারবো। আমাদের জন্য স্মরণীয় ফাইনাল হবে এটা।’

এক মাস আগে সাফ অ-১৯ টুর্নামেন্টের ফাইনালের চেয়ে স্মরণীয় আর কিছু হতে পারে না। সেই ম্যাচের শেষ মিনিটে বাংলাদেশ সমতা এনেছিল। পরবর্তীতে টাইব্রেকারে দুই দলই করে ১১ গোল এবং এরপর ম্যাচ কমিশনারের টস কাণ্ড। শেষমেষ যুগ্ম শিরোপা দিয়ে টুর্নামেন্টের ইতি টানা হয়।

এই টুর্নামেন্টেও নির্ধারিত সময় খেলা ড্র থাকলে ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়াবে। তাই গতকাল অনুশীলনে পেনাল্টি প্র্যাকটিস করেছে দুই দলই। ভারতের কোচ বিবি থমাস লিগ পর্বের হারের ভুলত্রুটি সংশোধন করে কাপ জিততে চান, ‘সবাই ফাইনালে খেলার জন্য প্রস্তুত আছি। তবে শঙ্কা হলো ছোট ভুল নিয়ে। আশার কথা সেটা মেয়েরা বুঝতে পারছে।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD