চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরে বিএনপি নেতা এনামুল হক মুকুল শাহর বাসায়, বিএনপি নেতা হুমায়ুনের দোকানের সামনে ও নাসিমের বাসায় জয় বাংলা স্লোগান দিয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রত্যক্ষদর্শীদের মতে, রাতের আঁধারে অতর্কিতভাবে এই হামলা চালানো হয়, যা এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন গভীর রাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে দর্শনা পৌর শহরের কয়েকটি এলাকা। দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে বিএনপি নেতা এনামুল হক মুকুল শাহর বাসভবন, অপর বিএনপি নেতা হুমায়ুনের ব্যবসা প্রতিষ্ঠানের সামনের অংশ এবং নাসিমের বাসবেশ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় হামলাকারীরা উসকানিমূলক স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বোমা নিক্ষেপের ফলে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ভীতি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আলামত সংগ্রহ করেন।
এই কাপুরুষোচিত হামলার পেছনে কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের দুষ্কৃতকারীরা জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। তারা অভিযোগ করেছেন, রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে একটি কুচক্রী মহল দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালাচ্ছে। অথচ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুদৃঢ় ও আপসহীন নেতৃত্বে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় দলীয় নেতাকর্মীরা সব সময় জনগণের অধিকার আদায়ের সংগ্রামে শান্তিপূণভাবে রাজপথে সোচ্চার রয়েছে।
পুলিশ প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
আরববাংলা টিভি