শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

মডেল মসজিদে কেয়ারটেকারদের ভূমিকা বহাল রাখার দাবি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ণ

মডেল মসজিদ পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার ও ফিল্ড অফিসারদের ভূমিকা অক্ষুণ্ণ রাখার জোরালো দাবি জানিয়েছে ইফা বাংলাদেশ মডেল কেয়ারটেকার পরিষদ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

সংগঠনের নেতৃবৃন্দ গণমাধ্যমকে জানান, দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো সঠিকভাবে পরিচালনা এবং ধর্মীয় কার্যক্রমের মান উন্নয়নে কেয়ারটেকার ও ফিল্ড অফিসাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কর্মদক্ষতা মসজিদগুলোর সার্বিক ব্যবস্থাপনায় অপরিহার্য হয়ে উঠেছে।

বর্তমানে দেশের বিভিন্ন স্থানে মডেল মসজিদগুলোর প্রশাসনিক ও ধর্মীয় কার্যক্রমে কিছু পরিবর্তন আনার গুঞ্জন শোনা যাচ্ছে, যা নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ইফা বাংলাদেশ মডেল কেয়ারটেকার পরিষদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, যদি কেয়ারটেকার ও ফিল্ড অফিসারদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় বা তাদের ভূমিকা খর্ব করা হয়, তবে মসজিদ পরিচালনার কার্যক্রমে স্থবিরতা নেমে আসতে পারে।

অতএব, জনস্বার্থে এবং ধর্মীয় সেবা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার্থে মডেল মসজিদ পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশনের এই মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা পূর্ণাঙ্গভাবে বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উদাত্ত আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD