খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা একটি জিপ গাড়ি এবং গুইমারার বড়পিলাক এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সম্প্রতি কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করা হয়। মঙ্গলবার ভোররাত সাড়ে চারটার দিকে জেলা শহরের পানখাইয়া পাড়া রোডে দাঁড়িয়ে থাকা একটি জিপ গাড়িতে এই নাশকতার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতের দিকে আকস্মিকভাবে কিছু দুষ্কৃতকারী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নাশকতা চালায়। গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় অবস্থিত স্থানীয় বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে খাগড়াছড়ি জেলা শহরের পানখাইয়া পাড়া সড়কে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী জিপ গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে গাড়িটির বিভিন্ন অংশ পুড়ে যায়। নাশকতাকারীরা জেলার বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে গাছ কেটে ফেলে রেখে যোগাযোগের পথ বন্ধ করার চেষ্টা চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং নাশকতা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আরববাংলা টিভি