কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুরা তাদের সমবয়সী বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করতে নাফ নদীর তীরে গিয়েছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা গভীর পানিতে তলিয়ে যায়।
নিহত দুই শিশু সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ ৮ নম্বর ওয়ার্ডের মৌলভী পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন এবং পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। আকস্মিক এই ট্র্যাজেডিতে শিশু দুটির পরিবারে চলছে মাতম। স্থানীয় প্রশাসন ও সচেতন মহল নদ-নদীতে নামার সময় শিশুদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক