শরীয়তপুরের নড়িয়া উপজেলার ফুলতগঞ্জে হজরত মজিদ শাহ দরবার শরীফের প্রায় ৫০ বছরের পুরোনো সাপ্তাহিক মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। অনুমতি ছাড়াই মেলা পরিচালনা এবং মেলা চলাকালে মাদকসেবনের গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার আকস্মিক অভিযান চালিয়ে মেলার সব কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের ফলে দীর্ঘদিন ধরে চলে আসা এই অনিয়মের অবসান ঘটেছে বলে জানান স্থানীয় সচেতন নাগরিকরা।
প্রশাসন সূত্রে জানা গেছে, কোনো ধরনের বৈধ অনুমতি বা সরকারি অনুমোদন ছাড়াই একটি চক্র দীর্ঘদিন ধরে এই সাপ্তাহিক মেলার আয়োজন করে আসছে। এর আড়ালে মেলা প্রাঙ্গণে জুয়া, মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের বিস্তার ঘটেছিল, যা স্থানীয় সমাজজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছিল। এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযানকালে মেলার বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ ধরনের জনস্বার্থবিরোধী কোনো আয়োজন করতে দেওয়া হবে না বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এই পদক্ষেপে স্থানীয় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক