কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় কয়েকজন জুয়াড়ি নর্দমা ও গোবরের গাঁদায় লাফিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ নিয়মিত টহলের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
উপজেলার একটি গোপন সুপারি বাগানে দীর্ঘদিন ধরে এই জুয়ার আসর বসে আসছিল বলে সাংবাদিকদের জানান স্থানীয় বাসিন্দারা। পুলিশ হঠাৎ সেখানে হানা দিলে জুয়াড়িদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই পুলিশকে দেখে দিশেহারা হয়ে চারপাশের নর্দমা ও গোবরের গাঁদায় লাফিয়ে পড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ চারজনকে হাতেনাতে আটক করতে সমর্থ হয়।
আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক