মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাতের আঁধারে কার্গো বোটে তোলা হচ্ছিল ৩৫ টন ইউরিয়া সার। বাঁশবাড়িয়া ঘাটে কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযানে পাচারের আগেই ধরা পড়ে বিশাল এ চালান। দেশের সীমান্ত পেরিয়ে অবৈধভাবে সার পাচারের এই চেষ্টার সঙ্গে জড়িত চক্রটিকে ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছিল বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ৭০০ বস্তা সার এবং সার পাচারকাজে ব্যবহৃত তিনটি কাভারড ট্রাক ও ট্রাক জব্দের পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে। কোস্ট গার্ডের প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দ করা এই সারের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পাচার চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, দেশের কৃষকদের ন্যায্য মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। অথচ একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে সীমান্ত দিয়ে সার পাচারের পাঁয়তারা করে আসছে। দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করতে এবং চোরাকারবারির মাধ্যমে স্বার্থ হাসিলের এই অপচেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সর্বদাই সজাগ রয়েছে বলে জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক