মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

আদ্-দ্বীনের পরিচালক শেখ মহিউদ্দিনের পদত্যাগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ১২:০৬ pm

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার পর হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। এ ঘটনার পর হাসপাতালটির নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন তার দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। তার স্থলে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক জামালুন্নেসা।

মঙ্গলবার (১৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশন কোম্পানি অ্যাফেয়ার্স এর পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দিকনির্দেশনা অনুযায়ী আমরা আমাদের অবকাঠামো এবং ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে দৃঢ়ভাবে ইচ্ছুক। আমরা এরইমধ্যে অবকাঠামোগত উন্নয়নের কাজ পুরোদমে শুরু করেছি। আলো-বাতাস চলাচল তথা অক্সিজেনের উপস্থিতি সুগম করার জন্য তিনজন ইন্ডিপেনডেন্ট কনসালটেন্ট-এর নেতৃত্বে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ চলমান। কর্পোরেট অফিসের উপরে অবস্থিত বেকারিটি আমরা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি।

প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন তার দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন এবং পরিচালনা পর্ষদ এই দায়িত্ব অধ্যাপক জামালুন্নেসার উপর ন্যস্ত করেছেন।

উল্লেখ্য, অধ্যাপক জামালুন্নেসা বিগত ২৫ বছরের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করে সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি লাভ করেন।

এর আগে সোমবার এক সংবাদ সম্মেলন করে হাসপাতালের বর্তমান অবস্থা সম্পর্কে গণমাধ্যমের সামনে উত্থাপন করেন। এ সময় হাসপাতালের লাইসেন্স বাঁচাতে মন্ত্রীর পেছনে কোটি টাকা নিয়ে ঘুরছে স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যের বিরোধিতা করে জানান এটি অসত্য। তিনি বলেন, মন্ত্রীর পেছনে আমরা কেন টাকা নিয়ে ঘুরবো। তার পেছনে আমরা টাকা নিয়ে ঘুরেছি এটা তাকেই প্রমাণ করতে হবে।

এছাড়া শিশু মৃত্যুর কারণ সম্পর্কে তিনি বলেন, ঠিক কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনেও সুস্পষ্ট করা হয়নি কী কারণে মারা গেছে। যেসব শিশু মারা গেছে তাদের ময়নাতদন্তও হয়নি।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD