রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নে আসছে বন্ডভিত্তিক ব্যবস্থা: গভর্নর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬ ৮:৩৪ pm

আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে বন্ডভিত্তিক ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এটি বাস্তবায়িত হলে আবাসনে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ বাড়বে এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ নেওয়া আরও সহজ হবে বলে জানিয়েছেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।

রোববার (৭ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল। মতবিনিময়ে আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এসময় আবাসন খাতকে গতিশীল রাখতে একটি বিশেষ হাউজিং তহবিল গঠন এবং সিঙ্গেল ডিজিট সুদে দীর্ঘমেয়াদি গৃহঋণ সুবিধা চালুর দাবি জানায় রিহ্যাব।

আলী আফজাল বলেন, প্রথমবারের মতো ফ্ল্যাট ক্রেতাদের জন্য স্বল্পসুদে ও সহজ শর্তে গৃহঋণ চালু করা গেলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের নিজস্ব আবাসনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে। একই সঙ্গে আবাসন খাতের মাধ্যমে দেশের অর্থনীতিও আরও গতিশীল হবে।

এসময় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, ঢাকাকে কার্যকরভাবে বিকেন্দ্রীকরণ করতে জেলা ও উপজেলা পর্যায়ে পরিকল্পিত আবাসন গড়ে তুলতে হবে। এজন্য স্বল্পসুদের গৃহঋণ সুবিধা সম্প্রসারণ জরুরি। এতে রাজধানীর বাইরে বসবাসে মানুষের আগ্রহ বাড়বে।

জবাবে গভর্নর মোস্তাকুর রহমান বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও শিল্পায়নে আবাসন খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাউজিং খাতের ঋণ ব্যাংকিং খাতের অন্যতম নিরাপদ ঋণ হওয়ায় অন্যান্য অনেক খাতের তুলনায় আবাসন ঋণের সুদের হার তুলনামূলক কম থাকে। বর্তমানে অনেক ক্ষেত্রে হাউজিং ঋণের সুদের হার অন্যান্য ঋণের তুলনায় প্রায় ২ শতাংশ পর্যন্ত কম রয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি আবাসন ঋণের অর্থায়ন নিশ্চিত করতে বন্ডভিত্তিক অর্থায়ন ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে আবাসন খাতে অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বৈঠকে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ ও পরিচালক তাসনোভা মাহবুব সালাম উপস্থিত ছিলেন।

সভায় আবাসন খাতের টেকসই উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি ও সাধারণ মানুষের আবাসন সুবিধা সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ ব্যাংক ও রিহ্যাবের নেতারা।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD