রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

আজও ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬ ১:১৩ pm

ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. খুরশিদ আলমের পদত্যাগ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানের পূর্নবহাল দাবিতে টানা বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রোববার (৭ জুন) নতুন সপ্তাহের প্রথম কার্যদিবসেও ব্যাংকটির সামনে আন্দোলন শুরু করেছে সচেতন গ্রাহক ফোরাম।

পূর্বঘোষণা অনুযায়ী বেলা ১১টায় মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। গ্রাহকদের এই কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। প্রস্তুত রয়েছে জলকামান ও সাঁজোয়া যান।

আন্দোলনকারীরা দাবি করছেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে তারা নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাবেক এমডিকে পুনর্বহালের দাবি জানিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করছেন।

অবস্থান কর্মসূচি থেকে আবুল খায়ের আজাদ নামে একজন গ্রাহক বলেন, ২০১৭ সালে এস আলম গ্রুপ অত্যন্ত সুকৌশলে ইসলামী ব্যাংক দখল করেছিল। বর্তমান চেয়ারম্যান (খুরশীদ আলম), যিনি জুলাই বিপ্লবের সময় পালিয়ে গিয়েছিলেন, তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ফ্যাসিস্টের দোসর। আমরা অবিলম্বে তার পদত্যাগ চাই।

এই গ্রাহক আরও বলেন, ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর এবং ডেপুটি গভর্নরদের সহযোগিতায় এই অর্থ পাচার হয়েছে এবং তারা এই টাকার ভাগীদার ছিলেন।

আবুল খায়ের আজাদ বলেন, খুরশিদ আলমকে এই ব্যাংকের চেয়ারম্যান করে আবারও ব্যাংকটিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে সাধারণ মানুষ এবং আমানতকারীরা এই ব্যাংককে আর লুণ্ঠনকারীদের হাতে ছেড়ে দেবে না।

ইসলামী ব্যাংক একটি শরীয়াহ ভিত্তিক ব্যাংক এবং এই ব্যাংকে তিন কোটি গ্রাহকের আস্থা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই ব্যাংকের মূল্যবোধ রক্ষা করার জন্য দুর্নীতিবাজদের হাত থেকে ব্যাংকটিকে মুক্ত করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ও কর্মীরা আন্দোলন চালিয়ে যাবে।

এর আগে গত সোমবার সকালে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের নিয়োগ বাতিল এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।

উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ওই আন্দোলনের মধ্যেই গত সোমবার রাতে ব্যাংকের এক ভার্চুয়াল মিটিংয়ে এমডি মো. ওমর ফারুকে পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD