সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

আশুলিয়ায় ১১ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬ ৬:৪১ pm

আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা সড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় ১১ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘরমুখো মানুষ পড়েছে ভোগান্তিতে।

সোমবার (২৫ মে) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নবীনগর ও নবীনগর-চন্দ্রা সড়কের নবীনগর থেকে বাইপাইল এবং জিরানী থেকে বাড়ইপাড়া পর্যন্ত তীব্র যানজটের চিত্র লক্ষ্য করা যায়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নবীনগর-চন্দ্রা সড়কের বাইপাইল পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে।

অপরদিকে নবীনগর-চন্দ্রা সড়কের জিরানী থেকে বাড়ইপাড়া পর্যন্ত ৩ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে।

সাভার পরিবহনের যাত্রী মুন্না হোসেন বলেন, আমি গাবতলী থেকে ৪টার দিকে রওনা হয়েছি চন্দ্রা যাওয়ার উদ্দেশে। কিন্তু সাড়ে ৫টার দিকে আশুলিয়ার বাইপাইলে এসে যানজটে বসে আছি বলে জানান তিনি।

ওয়েলকাম বাসের চালক মো. মারুফ বলেন, আজ দুপুর থেকে যাত্রীদের চাপ বেড়েছে। তাই বাসের চাপও বৃদ্ধি পেয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যানজটের মধ্যে গাড়ি চালিয়ে ৪০ মিনিট সময়ে আশুলিয়ার বাইপাইল এলাকায় পৌঁছাচ্ছি বলে জানান তিনি।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান বলেন, বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানোর কারণে যানজটের সৃষ্টি হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যানজট শুরু হয়ে বাইপাইল পর্যন্ত গেছে। তবে, যানজট নিরসনে পুলিশ বিভিন্ন পয়েন্টে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD